২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ বীরভূম/১৪ই আগস্ট ২০২৫ ; আবারও ভিনরাজ্যে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। স্রেফ মারধর নয়, কেটে নেওয়া হয়েছে দুই কানও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নলহাটিতে।

নলহাটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল সিং পেশায় রাজমিস্ত্রি। জীবিকার সন্ধানে মুম্বইয়ে গিয়েছিলেন তিনি।

স্থানীয় সূত্রে খবর, মালিকের কাছে পাওনা টাকা চাইতে গেলে রাহুলকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, একটি কান সম্পূর্ণ এবং অন্য কানের প্রায় অর্ধেক কেটে দেওয়া হয়।

মুখেও লেগেছে গুরুতর আঘাত। মুম্বইয়ের এক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সোমবার বাড়ি ফেরেন রাহুল।

ছেলের এমন অবস্থা দেখে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মায়ের অভিযোগ, “আর্থিক অভাবের জন্যই বাইরে কাজে পাঠিয়েছিলাম। সেখানে এমন অমানবিক নির্যাতন হবে, ভাবতে পারিনি।”

ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে পরিবার।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










