প্রকাশ: ১৮/০৮/২০২৫ । ডেস্ক: ২৪ ঘন্টা লাইভ: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি স্কুলের সামনে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে ঘটনাটি ঘটার পর স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের বাড়িগুলিতেও কম্পন অনুভূত হয়।

প্রাথমিকভাবে কেউ আহত হননি বলেই জানা গিয়েছে। তবে এটি আদৌ আইইডি বিস্ফোরণ নাকি সাধারণ কোনো দেশীয় বোমা—তা এখনও নিশ্চিত নয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই স্থানীয় পুলিশ, বম্ব স্কোয়াড এবং ফরেন্সিক টিম পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জাতীয় তদন্ত সংস্থার (NIA) টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে সূত্রের খবর।

কীভাবে এই বিস্ফোরণ ঘটল এবং এর পেছনে কারা জড়িত থাকতে পারে, তা জানতে তদন্তকারীরা একাধিক দিক খতিয়ে দেখছেন। যদিও এখন পর্যন্ত কোনো সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন। প্রশাসন আশ্বস্ত করেছে, পুরো ঘটনার সঠিক তদন্ত হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।










