২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৪ নভেম্বর, ২০২৫ ; বিহার বিধানসভা ভোটে ছক্কা হাঁকিয়েছে এনডিএ জোট। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় ২০২ আসনে জয়ী হয়েছে নীতীশ কুমার-বিজেপির NDA জোট।

ভোটের আগেই ‘চাণক্য’ অমিত শাহ চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন বিহারের ২০০-র গন্ডি পারের। সেই চ্যালেঞ্জ জিতে গিয়েছে NDA।

ধরাশায়ী বিরোধী মহাজোট। ভরাডুবি হয়েছে প্রশান্ত কিশোরেরও। এই জয়ের পিছনে মনে করা হচ্ছে চারটি বিশেষ কারণ রয়েছে –

১) মহিলাদের আর্থিক সহায়তা প্রদান – নীতীশ কুমারের এই ₹১০,০০০ টাকার আর্থিক সহায়তা প্রকল্প রাজ্যের ১.৩ কোটি মহিলার জন্য গেমচেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছে।

এই প্রকল্পের ফলস্বরূপ মহিলা ভোটারদের অংশগ্রহণের হার রেকর্ড ৭১ শতাংশ ছাড়িয়ে যায়। মহিলাদের কাছে তেজস্বী যাদবের মাসিক ২,৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতির চেয়ে, নীতীশ কুমারের হাতে পাওয়া ১০,০০০-টাকার নগদ সহায়তা অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়েছে।

২) বিনামূল্যে বিদ্যুৎ – ১২৫ ইউনিট পর্যন্ত গার্হস্থ্য বিদ্যুতে ছাড়—বিশেষত গ্রামীণ এলাকায়, যেখানে অধিকাংশ পরিবারকে আর বিল দিতে হয়নি। “আমাদের গাঁয়ে তো মহিষও ফ্যানের নিচে ঘুমোয়,” এই সাধারণ উক্তিই প্রকল্পের সাফল্য বোঝায়।

৩) বর্ধিত পেনশন – ১.২ কোটি প্রবীণ নাগরিকের জন্য বয়স্ক পেনশন ₹৪০০ থেকে বাড়িয়ে ₹১,১০০ করা হয়েছে। নীতীশ কুমারের প্রতি প্রবীণদের এই ‘বড় উপহার’ হিসেবেই দেখা হয়েছে, যা তাঁর অসুস্থতা বা মানসিক ক্ষমতা নিয়ে ওঠা সব জল্পনাকে উড়িয়ে দিয়েছে।

৪) বেকারত্বের মোকাবিলা – মহাজোটের ভুল কৌশল যদিও রাজ্যে দুই দশক ধরে বেকারত্ব একটি বড় সমস্যা ছিল, যার ফলে এনডিএ-র প্রতি কিছু অসন্তোষ ছিল। তবে, নীতীশের ১০,০০০ টাকা, বিনামূল্যে বিদ্যুৎ এবং পেনশন বৃদ্ধির মতো পদক্ষেপগুলিকেই এই বেকারত্বের বিরুদ্ধে ‘কাউন্টার’ হিসেবে ব্যবহার করা হয়েছে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










