২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৩ ডিসেম্বর, ২০২৫; সদ্য তিন দিনের ভারত সফর সেরে দেশে ফিরতেই বড় দুঃসংবাদের মুখে পড়লেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি।

আমেরিকার মায়ামিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন তাঁর বোন মারিয়া সল মেসি।

দুর্ঘটনায় শরীরের একাধিক অংশে চোট পেয়েছেন তিনি এবং বর্তমানে হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের মতে, পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটজনক, তবে আপাতত তিনি বিপদমুক্ত।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মারেন মারিয়া।

এতে তাঁর কবজির কিছু অংশ পুড়ে যায়, মেরুদণ্ডের দুটি কশেরুকায় চোট লাগে এবং গোড়ালি ভেঙে যায়। চিকিৎসা দীর্ঘমেয়াদি হতে পারে বলেই আশঙ্কা।

এই দুর্ঘটনার জেরে বড় ধাক্কা খেয়েছে তাঁর ব্যক্তিগত জীবনও—আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোজারিওতে তাঁর বিয়ের কথা থাকলেও আপাতত তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

ভারত সফরের পর বর্তমানে ছুটিতে থাকা মেসি রোজারিওতেই রয়েছেন। বোনের বিয়ের প্রস্তুতিতে সক্রিয় থাকার কথা ছিল তাঁর। কিন্তু আচমকা এই দুর্ঘটনায় সব পরিকল্পনায় ছেদ পড়েছে।

আপাতত বোনের দ্রুত আরোগ্য কামনাতেই দিন কাটছে ফুটবল রাজপুত্রের।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










