২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৭ জানুয়ারি, ২০২৫ ; দক্ষিণবঙ্গে শীতের দাপট আরও বাড়তে চলেছে। আগামী কয়েক দিনে একাধিক জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।

পাশাপাশি দক্ষিণবঙ্গের আটটি জেলায় ‘শীতল দিন’-এর সম্ভাবনার কথা জানানো হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার পূর্বাভাস থাকায় দৃশ্যমানতা বিপজ্জনকভাবে কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতরের মতে, মঙ্গলবার থেকেই পূর্ব বর্ধমান ও বীরভূমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। পূর্ব বর্ধমানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এবং বীরভূমে শুক্রবার সকাল পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে।

যদিও আপাতত উত্তরবঙ্গের কোনও জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শৈত্যপ্রবাহ ঘোষণার জন্য নির্দিষ্ট শর্ত পূরণ হওয়া জরুরি—কোনও এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নামতে হবে এবং তা স্বাভাবিকের তুলনায় অন্তত ৪.৫ ডিগ্রি কম থাকতে হবে, পাশাপাশি এই পরিস্থিতি টানা দু’দিন বজায় থাকতে হবে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










