২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৯ ফেব্রুয়ারি, ২০২৬; মাঘ শেষের মুখে, তবু কলকাতা ও আশপাশে শীতের আমেজ এখনও জোরাল। শহরের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই ঘোরাফেরা করছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন এই পরিস্থিতি বজায় থাকলেও তার পর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রাও ২৬.২ ডিগ্রির বেশি ওঠেনি— স্বাভাবিকের তুলনায় ২.১ ডিগ্রি কম। গত কয়েক দিন ধরেই দিন ও রাত— দু’ক্ষেত্রেই পারদ স্বাভাবিকের নীচে রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত রাজ্যজুড়ে শুকনো আবহাওয়া থাকবে, বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই।

আগামী তিন দিন রাতের তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না। এরপরের চার দিনে ধীরে ধীরে ১–২ ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে পারে।

দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কতা নেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে— দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা কমার আশঙ্কা রয়েছে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










