২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৬ এপ্রিল, ২০২৬ ; পয়লা বৈশাখের পরের দিন কিছুটা স্বস্তি মিলেছিল। দমকা হাওয়া, আর ঝিরঝিরে বৃষ্টিতে উধাও হয়েছিল গরম।

শুক্রবার ফের রোদের ঝাঁঝ, ক্লান্ত দুপুর, গুমোট গরমে অস্বস্তি বাড়তে চলেছে বঙ্গবাসীর। তবে, বিকেলের দিকে কালবৈশাখীর ঝটিকা সফরের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।

কলকাতায় হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ঝড়, বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।









