ভোরের শিশিরে শীতের মায়া, বসন্তের আগে ফের কি কাঁপবে বাংলা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ; ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শেষের মুখে, অথচ শীতের বিদায়ঘণ্টা নিয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা।

সকাল-সন্ধ্যায় হিমেল আমেজ আর ভোরের শিশিরভেজা ঘাস জানান দিচ্ছে, লেপ-কম্বল আলমারিতে তোলার সময় বোধহয় এখনই আসেনি। তবে কি মরসুমের শেষবেলায় ফের কামব্যাক করবে হাড়কাঁপানো ঠান্ডা? এই নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

আর কি ফিরবে হাড়কাঁপানো ঠান্ডা? কী বলছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, নতুন করে বড়সড় পারদ পতনের সম্ভাবনা আর নেই বললেই চলে।

তবে এখনই শীত একেবারে বিদায় নিচ্ছে না। আগামী অন্তত সাতদিন বঙ্গে বজায় থাকবে এই মনোরম আবহাওয়া।

উত্তরবঙ্গে শীতের আমেজ দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা বেশি। বিশেষ করে দার্জিলিং ও সংলগ্ন জেলাগুলোতে কনকনে ভাব বজায় থাকবে। দার্জিলিংয়ের তাপমাত্রা বর্তমানে ৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আগামী কয়েকদিন এখানে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে আগামী কয়েকদিন ঘন কুয়াশার দাপট দেখা যাবে। তাপমাত্রার বড় কোনো বদল না থাকলেও দৃশ্যমানতা কম থাকায় যাতায়াতে সমস্যা হতে পারে।

কলকাতায় শীতের দাপট অনেকটাই কমেছে। আজ বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি।

চলতি সপ্তাহে মহানগরে আর নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুকনো ও মনোরম থাকবে। বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভোরের দিকে কুয়াশা থাকবে। রাতের দিকে তাপমাত্রা সামান্য কমলেও তাকে ‘শীতের কামড়’ বলা চলে না।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें