২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২২ মার্চ, ২০২৬ ; আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

একে একে সকল রাজনৈতিক দলগুলি নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করছে।

কিছুদিন আগেই বিজেপি দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে, কিন্তু শত অনুরোধ করার পরেও টিকিট না পেয়ে এবার দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন দিলীপজায়া রিঙ্কু মজুমদার।

নাম না করে বেনজির আক্রমন শুভেন্দু অধিকারীকে। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে বিজেপি নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছিলেন দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার।

ইচ্ছে ছিল রাজারহাট-নিউটাউন আসনে প্রার্থী হবেন, সেই কারণে নিজের বায়োডাটাও জমা দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা যায় ওই কেন্দ্রে পীযূষ কানোরিয়াকে প্রার্থী করেছে বিজেপি।

এমনকি ঘোষিত ২৫৫ আসনের কোথাও প্রার্থী করা হয়নি তাঁকে। আর তাতেই কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করলেন রিঙ্কু মজুমদার। তাঁর দাবি রাজারহাট-নিউটাউন ও বীজপুরে যে প্রার্থীদের দাঁড় করানো হয়েছে, তাঁরা সকলেই নাকি আর্থিক দুর্নীতি-সহ একাধিক কাজে যুক্ত।

এই বিষয়ে তিনি বিধাননগরে বিজেপির দফতরে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলকে জানিয়েছেন বলেও দাবি করেন রিঙ্কু মজুমদার।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










