২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৩শে মে, ২০২৬ ; বীরভূমের পাথর ব্যবসা ঘিরে ফের রাজনৈতিক তরজা তুঙ্গে।

এ বার সরাসরি তৃণমূলকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ তুললেন সিউড়ির বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়।

তাঁর দাবি, গত ১৫ বছরে বীরভূমের পাথর ব্যবসা থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা লুঠ হয়েছে। সরকার পরিবর্তনের পর রাজস্ব আদায়ের অঙ্ক সামনে এনে সমাজমাধ্যমে সরব হয়েছেন তিনি।

জগন্নাথের দাবি, বাংলায় বিজেপি সরকার আসার পর থেকেই পাথর ব্যবসায় রাজস্ব আদায়ের চিত্র বদলেছে। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, চলতি মাসের ১৭ তারিখ বীরভূমের পাথর ব্যবসা থেকে রাজস্ব আদায় হয়েছিল ১ কোটি ২০ লক্ষ টাকা।

১৮ তারিখ সেই অঙ্ক বেড়ে হয় ২ কোটি ৩০ লক্ষ। আর ২৩ তারিখ, অর্থাৎ মাত্র সাত দিনের মাথায় রাজস্ব আদায় দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লক্ষ টাকায়। বিজেপি বিধায়কের দাবি, বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৩ কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে পাথর ব্যবসা থেকে।

সেই তুলনায় তৃণমূল জমানায় রাজ্যের কোষাগারে প্রতিদিন মাত্র ১৯ লক্ষ টাকা জমা পড়ত বলে অভিযোগ তাঁর। অর্থাৎ মাসিক রাজস্ব ছিল ২৫ থেকে ৩০ কোটির মধ্যে। বাকি প্রায় ৭০ কোটি টাকা প্রতি মাসে ‘লুঠ’ হয়েছে বলেই দাবি বিজেপি বিধায়কের। সেই হিসাব ধরেই গত ১৫ বছরে প্রায় ১২ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি।

জগন্নাথ আরও জানিয়েছেন, বীরভূম জেলা প্রশাসনের কাছে গত ১৫ বছরের সমস্ত আর্থিক খতিয়ান চাওয়া হয়েছে। সেই তথ্য নবান্নে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। বিজেপি বিধায়কের কথায়, “এই বিপুল টাকা কার কার পকেটে গিয়েছে, তা তদন্ত করে দেখা হবে।”

যদিও বিজেপির এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।









