২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা / ২৪শে মে, ২০২৬ ; দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিলেন মদন মিত্র। ৪ মে বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের পর এখন বিরোধী আসনে বসেছে তৃণমূল।

শোচনীয় পরাজয়ের পর সাংগঠনিক রদবদলে হাত দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পর্যায়ে শনিবার দমদম লোকসভা কেন্দ্রে সাংগঠনিক জেলার দায়িত্ব দিয়েছেন কামারহাটির প্রবীণ বিধায়ক মদনকে।

দায়িত্ব পেয়েই রবিবার দমদম লোকসভা কেন্দ্রের অধীন আটটি পুরসভার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকার বিষয়ে উদ্যোগী হয়েছেন তিনি। দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, পানিহাটি, খড়দহ, কামারহাটি, বরাহনগর এবং নিউ ব্যারাকপুর পুরসভার কাউন্সিলরদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে ডাকা হয়েছে।

রবিবার সকলকে ফোন করে মদন স্বয়ং এই বৈঠকে আসতে বলেছেন। প্রসঙ্গত, ক্ষমতা বদলের পর থেকেই গত সাত দিনে ৭০ জনের বেশি তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন।

কয়েক জন কাউন্সিলর গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে। শুধু শনিবারই রাজ্য জুড়ে তৃণমূলের অন্তত ১৭ জন গ্রেফতার হয়েছেন। শনিবারই দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

সেই আবহে মমতার বাড়িতে তৃণমূল কাউন্সিলরদের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।









