২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২০ নভেম্বর, ২০২৫ ; রাজ্যে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে পুবালি–দক্ষিণা হাওয়ার দাপট বেড়েছে।

ফলে, দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী তিন দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

গত কয়েকদিনে তাপমাত্রা ১৭ ডিগ্রি পর্যন্ত নেমে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছিল।

তবে নতুন নিম্নচাপের প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গে শীতের দাপট আপাতত কমবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপের ফলে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি জলীয়বাষ্প ঢোকায় কুয়াশা বাড়বে।

বিশেষ করে ভোর ও সকালের দিকে জেলার বহু জায়গায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমতে পারে।

উত্তরবঙ্গেও সকালবেলায় কুয়াশার দাপট বজায় থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে রাজ্যে জাঁকিয়ে শীত নামতে আরও কিছুটা দেরি হতে পারে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










