২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২ ডিসেম্বর, ২০২৫; দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ODI-তে জয় এলেও টেস্ট সিরিজের হার এখনও কাটছে না ভারতীয় দলের মাথা থেকে।

গৌতম গম্ভীর কোচ হওয়ার পর ঘরের মাঠে গুরুত্বপূর্ণ টেস্টে বারবার ব্যর্থতা, দল নির্বাচনে একের পর এক পরীক্ষা এবং অতিরিক্ত অলরাউন্ডার খেলানোর কৌশল—সব মিলিয়ে অসন্তুষ্ট BCCI।

তাই দ্বিতীয় ODI-এর আগেই বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া, যুগ্ম সচিব প্রভতেজ সিং ভাটিয়া, হেড কোচ গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগরকরকে নিয়ে জরুরি মিটিং ডাকতে চলেছে বোর্ড।

লক্ষ্য—দলকে ঘিরে বিভ্রান্তি দূর করে একটি স্থায়ী ও সুষম স্কোয়াড তৈরি করা।

বোর্ডের এক কর্তার বক্তব্য, ঘরের মাটিতে সাম্প্রতিক টেস্ট সিরিজ চলাকালীন মাঠের ভিতরে ও বাইরে বহু অসঙ্গতি দেখা দিয়েছে, যার দ্রুত সমাধান প্রয়োজন।

টি-টোয়েন্টি ও ODI বিশ্বকাপ সামনে রেখে স্ট্র্যাটেজির স্পষ্ট দিশা চাই BCCI। একইসঙ্গে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিনিয়রদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগ-ঘাটতিও প্রশ্ন তুলছে।

বিরাটের টেস্টে ফেরার জল্পনা উড়িয়েও দিয়েছেন তিনি নিজে। সব মিলিয়ে গম্ভীর–আগরকরের উপর চাপ বাড়ছে তা স্পষ্ট।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










