২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৫ ডিসেম্বর, ২০২৫; টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যখন ভারতীয় টপ অর্ডারের ব্যাটিং ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক তখনই জাতীয় দলে ফেরার দাবিকে আরও জোরালো করলেন যশস্বী জয়সওয়াল।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি করে মুম্বইকে ম্যাচ জিতিয়ে কার্যত বার্তা দিলেন তিনি।

পুনের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে হরিয়ানা তোলে ২৩৪ রান। সেই পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলেন জয়সওয়াল।

ওপেন করতে নেমে অজিঙ্ক রাহানের সঙ্গে ১৯ বলে ৫৩ রানের জুটি গড়েন তিনি। এরপর সরফরাজ় খানের সঙ্গে ৮৯ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন।

সরফরাজ় ২৫ বলে ৬৪ রানের ঝলমলে ইনিংস খেললেও, মূল ভরসা হয়ে থাকেন জয়সওয়াল। মাত্র ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে নজর কাড়েন এই বাঁ-হাতি ব্যাটার।

শেষ পর্যন্ত ৫০ বলে ১০১ রান করেন তিনি, যেখানে ছিল ১৬টি চার ও একটি ছক্কা।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










