২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২ জানুয়ারি, ২০২৬; ঘড়ির কাঁটা রাত বারোটায় পৌঁছনোর সঙ্গে সঙ্গেই নতুন বছরের শুভেচ্ছায় ভরে ওঠে সোশাল মিডিয়া।

টলিউড থেকে বলিউড—পরিবার, প্রিয়জন কিংবা রাতপার্টি, নানা মেজাজেই ২০২৬-কে স্বাগত জানালেন বিনোদুনিয়ার তারকারা। কে কীভাবে নতুন বছরের শুরু করলেন, তার ঝলক মিলেছে তাঁদের পোস্টেই।

বিদেশ সফরে গিয়ে আগের বছরের মতোই ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছর শুরু করেছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রোম্যান্টিক মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন তাঁরা।

অন্যদিকে, বনির সঙ্গে রাতপার্টিতে মেতে নতুন বছর উদ্যাপন করেছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। কালো নুডল স্ট্র্যাপ ড্রেসে পার্টি লুকেই ধরা দিয়েছেন নায়িকা।

টলিপাড়ার চর্চিত জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনও পার্টি মুডেই ছিলেন। বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে নিউ ইয়ার নাইটে আনন্দে মেতেছেন তাঁরা।

মাতৃত্বের পর প্রথম নতুন বছর অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের। স্বামী সায়নদীপ ও একরত্তি ছেলেকে নিয়ে ঘরোয়া আনন্দে বছর শুরু করেছেন তিনি। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন অভিনেত্রী।

পরিবারকেই সঙ্গী করে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। মা, অভিনেতা-স্বামী রাতুল মুখোপাধ্যায় ও পরিবারের সঙ্গে উদ্যাপনের ছবি পোস্ট করেছেন তিনি।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










