২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৮ জানুয়ারি, ২০২৬; জানুয়ারির শেষে রাজ্যের আবহাওয়ায় আবার বদলের ইঙ্গিত দিয়েছে IMD। আজ তাপমাত্রায় তেমন পরিবর্তন না হলেও সোমবার থেকে দক্ষিণবঙ্গে পারদ বাড়তে শুরু করবে।

বুধবারের মধ্যে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। কলকাতায় যেখানে এখন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশপাশে, সেখানে তা ১৪–১৬ ডিগ্রিতে পৌঁছাতে পারে।

পশ্চিমের জেলাগুলিতেও সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। উত্তরবঙ্গে আগামী পাঁচ থেকে সাত দিন তাপমাত্রা প্রায় একই থাকবে।

তবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে ঘন কুয়াশার দাপট থাকবে।

দক্ষিণবঙ্গেও রবিবার ও সোমবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

সরস্বতী পুজোর সময় রাজ্যে মোটের উপর স্বাভাবিক ও মনোরম আবহাওয়া থাকবে। সোমবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও পরে তা বাড়বে এবং পুজোর দিন ফের স্বাভাবিকের কাছাকাছি নেমে আসতে পারে।

সকাল-সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে, বেলা বাড়লে সামান্য উষ্ণতা অনুভূত হবে। ঘন কুয়াশা বা বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ থাকবে পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










