২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৫শে মে, ২০২৬ ; দুর্নীতির বিরুদ্ধে সওয়াল করা বামনেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য কেন দেবরাজ চক্রবর্তী-অদিতি মুন্সির মামলা লড়লেন? তা নিয়ে বাক্যবাণে বিদ্ধ তিনি।

দলের নেতা-কর্মীরাও বিষোদ্গার করছেন তাঁর বিরুদ্ধে। প্রকাশ্যেই বামনেতা শতরূপ ঘোষ বললেন, “চাই বিকাশদা হেরে যাক এই মামলা।”

যদিও নিজের কাজের স্বপক্ষে ক্রমাগত যুক্তি দিয়ে চলেছেন বিকাশ। তাঁর দাবি, যারা বিতর্ক করছে তাঁর অবুঝ।

দিন কয়েক আগে খবর রটেছিল, গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়কের স্বামী দেবরাজ চক্রবর্তী। যদিও পরবর্তীতে জানা যায়, এই খবর ভিত্তিহীন।

এরপরই সস্ত্রীক কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন দেবরাজ-অদিতি। আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে গ্রেপ্তার করা হতে পারে, এই আশঙ্কায় আগাম জামিনের আর্জি জানান তাঁরা।

তাঁদের হয়ে আদালতে সওয়াল করেছিলেন বামনেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তা নিয়ে বিতর্ক সর্বত্র।

সর্বদা দুর্নীতির বিরুদ্ধে সওয়াল করা আইনজীবী কীভাবে দুর্নীতিগ্রস্তের হয়ে সওয়াল করলেন, এই প্রশ্নই সকলের। অর্থের জন্য তিনি নীতি-নৈতিকতা বিসর্জন দিয়েছেন বলেও অভিযোগ করেন বামেদের একাংশও।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










