২৪ ঘণ্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ শিয়ালদহ / ২ আগস্ট ২০২৫ ; শিয়ালদহ স্টেশনে ট্রেন ধরতে গিয়ে ডিসপ্লে দেখে দৌড়ঝাঁপ আর নয়। এবার থেকে নির্দিষ্ট প্ল্যাটফর্মে নির্দিষ্ট রুটের ট্রেন দাঁড়াবে— এমনটাই ঘোষণা করল রেল কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে এই পরিবর্তন আনছে পূর্ব রেল।

অফিস টাইমে ভিড় সামলাতে এবং প্ল্যাটফর্মে বিশৃঙ্খলা এড়াতেই এই উদ্যোগ। রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিত্যযাত্রীরা।

কোন প্ল্যাটফর্মে কোন লাইনের ট্রেন?
প্ল্যাটফর্ম ১ থেকে ৫: কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত ও ব্যারাকপুর লোকাল।
প্ল্যাটফর্ম ৫ থেকে ৮: ডানকুনি ও বারুইপাড়া।
প্ল্যাটফর্ম ৬ থেকে ১০: বনগাঁ, বারাসত, হাবড়া, দত্তপুকুর, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট ও মধ্যমগ্রাম
প্ল্যাটফর্ম ৯, ১১ থেকে ১৪: মেল ও এক্সপ্রেস ট্রেন
প্ল্যাটফর্ম ১৫ থেকে ২১: শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন

কেন এই পদক্ষেপ?
প্রতিদিন শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াত করেন প্রায় ১৫-১৮ লক্ষ যাত্রী। রোজ চলে ৯১৫টিরও বেশি লোকাল ট্রেন।

যাত্রীদের অভিযোগ, প্ল্যাটফর্ম বদলের কারণে ট্রেন ধরতে গিয়ে প্রতিদিনই বিভ্রান্তি এবং ভিড়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এবার এ ব্যাপারে পদক্ষেপ করল রেল। রেলের এক কর্তা বলেন, এই ব্যবস্থা চালু হলে—যাত্রীদের সময় বাঁচবে, ভিড় কমবে, স্টেশনে শৃঙ্খলা বজায় থাকবে।

রেলের এমন পদক্ষেপে খুশি নিত্যযাত্রীরা।পর্যবেক্ষকদের মতে, যাত্রী পরিষেবার মান উন্নয়নের পথে এই সিদ্ধান্ত এক ‘গেম চেঞ্জার’। তবে বাস্তবে এর কতটা সুফল মেলে, তা সময় বলবে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










