প্রকাশ: ২১/০৮/২০২৫ । ডেস্ক: ২৪ ঘন্টা লাইভ: ডিজিটাল যুগে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম WhatsApp। তবে এটিই এখন সাইবার প্রতারণার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অভিযোগ—অচেনা নম্বর থেকে ভুয়ো লিংক ও ভিডিও কলের মাধ্যমে ব্যবহারকারীদের ফাঁদে ফেলা হচ্ছে।

অনেক সময় সরকারি সংস্থা, ব্যাংক বা পরিচিত প্রতিষ্ঠানের ছদ্মবেশে বার্তা পাঠিয়ে প্রতারকরা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিংবা OTP সংগ্রহ করছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রতারণার মূল উদ্দেশ্য হল ফিশিং। ভুয়ো লিংকে ক্লিক করলে আপনার মোবাইলে ম্যালওয়্যার ঢুকে পড়ে, যার মাধ্যমে প্রতারকরা সরাসরি ব্যাংকিং অ্যাপ ও গ্যালারিতে প্রবেশ করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর হল—ভিডিও কলের মাধ্যমে প্রতারণা। অচেনা কল ধরলেই অনেক সময় স্ক্রিনশট বা ভিডিও রেকর্ড করে পরে ব্ল্যাকমেইল করা হয়।

সাইবার সেল স্পষ্টভাবে জানিয়েছে—অপরিচিত লিংক কখনোই খোলা যাবে না, আর ব্যাংক বা সরকারি সংস্থা কখনো WhatsApp-এ OTP বা পাসওয়ার্ড চাইবে না। এমন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় বা ১৯৩০ নম্বরে কল করে অভিযোগ জানাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের সচেতনতা বাড়ানোই প্রতিরোধের একমাত্র কার্যকরী পথ।










