দীর্ঘ দু’মাসের চেষ্টায় বড় সাফল্য, কীর্ণাহারে ডাকাতির চেষ্টার ঘটনায় আরও দুই দুষ্কৃতী পুলিশের জালে

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘণ্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৮শে আগস্ট, ২০২৫ ; বীরভূমের কীর্ণাহার থানার পুলিশের বড় সাফল্য। প্রায় দু’মাস আগে ঘটে যাওয়া এক ডাকাতির চেষ্টার ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আরও দুই দুষ্কৃতী।

গত ১৪ জুন রাতে কীর্ণাহার থানার দাসকলগ্রাম রেলগেট সংলগ্ন ফুটিসাঁকো রাস্তায় ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছিল একদল দুষ্কৃতী।

গোপন সূত্রে খবর পেয়ে কীর্ণাহার থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেফতার করলেও, কিছু দুষ্কৃতী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

তারপর থেকেই তাদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। দীর্ঘ দু’মাস ধরে গোয়েন্দাদের তৎপরতা এবং তদন্তের ফলেই অবশেষে ধরা পড়ল আরও দুই অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল নানুরের বেলুটি গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস গনি মোল্লা এবং লাভপুর এলাকার জ্যোতি দলুই।

গ্রেফতার এড়াতে তারা বিভিন্ন জায়গায় গা-ঢাকা দিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

অবশেষে তাদের পাকড়াও করে কীর্ণাহার থানার পুলিশ। ধৃতদের আজ বোলপুর আদালতে তোলা হলে বিচারক আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

এই ঘটনায় এলাকাজুড়ে স্বস্তি ফেরালেও, পুলিশ জানিয়েছে ডাকাত দলের বাকিদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें