২৪ ঘন্টা লাইভ / নিজস্ব সংবাদদাতা / ১২ নভেম্বর, ২০২৫ ; ‘বিয়ের সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’, মন্তব্য করে বিতর্কে কাজল। যে বিতর্কিত মন্তব্যের জেরে ‘কলঙ্কের ভাগীদার’ হলেন টুইঙ্কল খান্নাও!

যার জেরে বলিউডের দুই অভিনেত্রীকে নিয়ে গেল গেল রব উঠেছে নেটভুবনে।

একাংশের প্রশ্ন, ‘কাজল কি নিজের দাম্পত্যের দিকেই ইঙ্গিত করলেন?’ ঠিক কী ঘটেছে? ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ টক শোয়ের এক বিশেষ পর্বে টুইঙ্কল প্রশ্ন ছোড়েন, বৈবাহিক সম্পর্কেরও কি মেয়াদ থাকা উচিত নাকি বিকল্প হিসেবে ‘রিনিউয়াল অপশন’ থাকা উচিত? এহেন প্রশ্নে মোটেই সায় দেয়নি শোয়ের ওই পর্বের দুই অতিথি ভিকি কৌশল এবং কৃতী শ্যানন!

তবে বন্ধু টুইঙ্কলের কথায় সায় দিয়ে কাজল বলেন, হ্যাঁ, সেটা থাকা জরুরি। যদিও টুইঙ্কল পালটা বলেন, ‘বিয়েটা তো ওয়াশিং মেশিন নয়।’

তবে কাজলও যুক্তিবুদ্ধির মারপ্যাঁচে কম নন! পালটা বলেন, “ঠিক সময়ে ঠিক মানুষকে যে কেউ বিয়ে করবে, তার গ্যারান্টি কী?

‘রিনিউয়াল অপশন’ খোলা থাকলে ঠিক আছে, তবে দাম্পত্যের ‘এক্সপায়ারি ডেট’ থাকলে দুজনের কাউকেই ভুগতে হবে না।” আর কাজলের এহেন মন্তব্যেই শোরগোল নেটভুবনে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










