২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৭ জানুয়ারি, ২০২৬; কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কনকনে শীত ধীরে ধীরে বিদায় নিতে চলেছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার থেকে হাওয়ার দিক বদলানোর ফলে সোমবার থেকে তাপমাত্রা ধাপে ধাপে বাড়বে।

আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের মতে, সোমবার থেকে বুধবারের মধ্যে রাজ্যজুড়ে তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। ফলে মাঘের শুরুতে শীতের স্পেল থাকলেও সরস্বতী পুজোর সময় শীতের অনুভূতি অনেকটাই কমে যাবে।

এই মুহূর্তে রাজ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে, কারণ উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা ও শুষ্ক হাওয়া বইছে। মাঘের প্রথম কয়েকদিন সকালে ও রাতে হালকা ঠান্ডা থাকলেও দুপুরে তুলনামূলক স্বস্তি মিলবে।

তবে দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট বাড়ছে। শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও শনিবার থেকে সোমবারের মধ্যে কুয়াশা আরও ঘন হতে পারে, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনায়।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










