২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ; সামনেই রঙের উৎসব। কিন্তু বাজারচলতি রং ও আবিরে ভেজালের আতঙ্কে এখন চিন্তিত আট থেকে আশি।

ত্বকের সমস্যা থেকে শ্বাসকষ্ট—নানা ঝুঁকির আশঙ্কা থাকেই। সেই উদ্বেগ কাটাতেই অভিনব উদ্যোগ শান্তিপুরের প্রত্যন্ত গ্রাম বড়জিয়াকুরের তালপুকুর জি এস এফ পি প্রাথমিক বিদ্যালয়ে।

সেখানে ছাত্রছাত্রীরাই পরিবেশবান্ধব জৈব প্রযুক্তিতে তৈরি করছে রংবেরঙের ভেষজ আবির। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন শান্তিপুরের পরিবেশপ্রেমী শৈলেন চণ্ডী।

প্রতিবছরই তিনি গাঁদা ফুল, বিট, অপরাজিতা, বিভিন্ন গাছের পাতা ও নানা ভেষজ উপাদান দিয়ে নিজেই আবির তৈরি করেন।

সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এই আবির যেমন পরিবেশবান্ধব, তেমনই স্বাস্থ্যসম্মত। এ বছর তিনি বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে শেখাচ্ছেন কীভাবে সহজ উপায়ে নিরাপদ আবির তৈরি করা যায়।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










