২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ; বহু অপেক্ষার পর প্রকাশিত হল হৃবাংলায় SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে(https://voters.eci.gov.in) প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি তালিকা। রাজ্যের সিইও-র সাইটে গেলে মিলছে ওই লিস্ট।

জাতীয় নির্বাচন কমিশনের সাইটে গেলে পাওয়া যাচ্ছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্ট লিস্ট নম্বর ১ ও অ্যাডজুডিগেশন ডিলিশন নম্বর লিস্ট নম্বর ১।

এখানে গিয়ে জেলা ও নির্বাচন ক্ষেত্র দিলে পাওয়া যাবে ভোট দাতার বর্তমান অবস্থা। সোমবার বহু অপেক্ষার পর প্রায় রাত বারোটার কাছাকাছি ওই তালিকা প্রকাশিত হয়।

কমিশন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে নিযুক্ত প্রায় ৭০০ জন বিচারবিভাগীয় আধিকারিক রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৮ লক্ষ ৬ হাজার নামের নিষ্পত্তি করেছেন।

সাপ্লিমেন্টারি তালিকায় দুটি কলাম থাকবে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিষ্পত্তি হওয়া ২৮ লক্ষ নামের মধ্যে বড় একটি অংশের নাম ‘ডিলিটেড’ তালিকায় থাকার সম্ভাবনাও রয়েছে। এর ফলে বাকি থাকা আরও প্রায় ৩২ লক্ষ ভোটারের জন্য আগামী শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারে কমিশন।

electoralsearch.eci.gov.in , voters.eci.gov.in ও ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা।

নাম বাদ গেলে কী হবে

যাঁদের নাম এই তালিকা থেকে বাদ যাবে, তাঁদের জন্য আইনি প্রতিকারের পথ খোলা রেখেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

নাম বাদ পড়া নিয়ে কোনও আপত্তি থাকলে ভোটাররা অনলাইনে বা অফলাইনে এই ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। তবে চিন্তার বিষয় হলো, মনোনয়ন পেশের শেষ তারিখের আগে এই বিপুল সংখ্যক আবেদনের নিষ্পত্তি হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










