২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৭ এপ্রিল ; ২০২৬ ; কাজের প্রলোভন দেখিয়ে এক পরিযায়ী শ্রমিককে অপহরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের হবিবপুর থানা এলাকায়।

অভিযোগের আঙুল উঠেছে এক শ্রমিক সরবরাহকারী ঠিকাদারের বিরুদ্ধে। অপহৃত যুবকের নাম উমেশ রায় (২৮), তিনি হবিবপুরের দাল্লা গ্রামের বাসিন্দা।

পরিবারের দাবি, গত শনিবার গাজোল থানার উত্তর ফরেস্ট এলাকার বাসিন্দা মুকুল রায় নামক এক ঠিকাদার উমেশকে কাজ দেওয়ার নাম করে মোটরবাইকে তুলে নিয়ে যান।

এরপর থেকেই উমেশের কোনো হদিশ নেই। ঘটনার কিছু সময় পর থেকেই অপহৃতের পরিবারের কাছে ফোন আসতে শুরু করে।

অভিযোগ, ওই ঠিকাদার উমেশের মুক্তির বিনিময়ে ১ লক্ষ ১৬ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে এবং টাকা না দিলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

এমনকি উমেশ নিজেও অন্য একটি নম্বর থেকে তাঁর জামাই রোহিনী মন্ডলকে ফোন করে কান্নাকাটি করেন।

তিনি জানান, তাঁকে একটি অন্ধকার ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। দ্রুত টাকা না দিলে তাঁর জীবন সংশয় হতে পারে বলে তিনি পরিবারকে আরজি জানান।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।









